বিনোদন

জাহ্নবী-শিখরের বিয়ের গুঞ্জন, যা জানালেন বনি কাপুর

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এদিকে, খবর উড়ছে—চলতি বছরে বিয়ে করবেন এই প্রেমিক যুগল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও জোর চর্চা চলছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদেন জানিয়েছে, অনেক দিন ধরে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়া। কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে বিয়ে করবেন তারা। গুজরাটের জামনগরে ঐতিহ্যবাহী আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও শোনা যাচ্ছে। তবে এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর।

জাহ্নবী ও শিখরের সম্পর্ক নতুন নয়। তারা জীবনের শুরুতেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৬ সালে বিচ্ছেদ হলেও ২০২২ সালে আবার কাছাকাছি আসেন। ২০২৪ সালের এপ্রিলে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে জাহ্নবী প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন।

সাম্প্রতিক সময়ে এই জুটি একসঙ্গে ঘুরতে যাওয়া, পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা মন্দিরে দেখতে পাওয়ার মতো নানা ঘটনার কারণে বার বার আলোচনায় আসেন। বিশেষ করে শিখরকে প্রায়ই কাপুর পরিবারের পারিবারিক আয়োজনে দেখা গেছে, যা তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়।

এর আগে একটি পডকাস্টে জাহ্নবী নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি নিয়ে কথা বলেন। যদিও তিনি সরাসরি শিখরের নাম উল্লেখ করেননি, তবু তার বক্তব্যে সম্পর্কের স্থিরতা ও স্বস্তির ইঙ্গিত পাওয়া যায়। ভালোবাসা তাকে নিরাপত্তা দেয় এবং আগের মতো অসহায় লাগে না। এই সম্পর্কে তিনি নিজেকে আরো স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারেন বলেও জানান জাহ্নবী।

তবে সব গুঞ্জনের মাঝেও আপাতত বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। বনি কাপুরের বক্তব্যের পর এই বিষয়ে জল্পনা-কল্পনায় কিছুটা ভাটা পড়বে।

এদিকে, কাজের দিক থেকে জাহ্নবী কাপুরকে তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমায় দেখা যাবে, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন রাম চরণ। আগামী ৪ জুন, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা।

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘পরম সুন্দরী’ সিনেমায় অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে তার। ‘দেবারা’ শিরোনামের এ সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন জুনিয়র এনটিআরকে। জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।