সারা বাংলা

চীনা পরিচয়ে বিয়ে করতে এসে ধরা, জেরার মুখে ২ যুবকের চম্পট

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজেদের চীনের নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে দুই যুবক পালিয়ে গেছে। রবিবার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। সম্পর্কের সূত্র ধরে ওই যুবক বিয়ের উদ্দেশ্যে আরও একজনকে সঙ্গে নিয়ে গ্রামে আসেন।

গ্রামবাসী জানান, বিকেলে দুই যুবক নিজেদের চীনা পরিচয় দিয়ে ওই নারীকে বিয়ে করতে আসে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি প্রমাণ করতে চায়। তবে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় সন্দেহ ঘনীভূত হয়। এক পর্যায়ে সুযোগ বুঝে প্রাইভেটকারে করে দ্রুত এলাকা ত্যাগ করে। 

ঘটনার পর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী বলেন, তাদের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদ করলে নানা ধরনের কাগজপত্র দেখায়। পরে কৌশলে পালিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তিনি শুনেছেন।

তিনি বলেন, অনলাইনে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়।