কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৪ মে) বিকেলে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, জামায়াতে ইসলামীর কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক তাদেরকে আক্রমণ করে। এ সময় তারা দ্রুত মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। তবে, এরইমধ্যে তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, আকস্মিকভাবে মৌমাছির আক্রমণে দিশেহারা হয়ে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক জানিয়েছেন, মৌমাছির কামড়ে আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টি মৌমাছি কামড় দেওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরের হাসপাতালে রেফার করা হয়েছে। সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।