খেলাধুলা

জ‌্যোতির শাস্তি

মাঠে সময়টা একদমই ভালো যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে লড়াইয়ে পেরে উঠছেন না নারীরা। স্বভাবতই অধিনায়ক নিগার সুলতানা জ‌্যোতি রয়েছেন প্রবল চাপে। সেই চাপে থেকে মেজাজ হারিয়ে এবার শাস্তি পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আউট হয়ে মেজাজ হারিয়ে নিজের ব‌্যাট ক্ষোভে ছুঁড়ে মারেন মাটিতে। যা আইসিসির স্পষ্টত নীতির লঙ্ঘন। এমন আচরণের দায়ে তাকে শাস্তি দিয়েছে ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম‌্যাচ রেফারি তাকে এই শাস্তি দিয়েছে। আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে নিগারকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নেন নিগার। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সিলেটে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই ঘটনা ঘটে। বৃষ্টিতে টি-টোয়েন্টি ম‌্যাচ নেমে আসে ৯ ওভারে। ৮৮ রান তাড়ায় বাংলাদেশ শেষ দিকে ম‌্যাচ কঠিন করে ফেলে। শেষ ওভারে জয়ের জন‌্য ১৪ রান দরকার ছিল।

জ‌্যোতি ছিলেন স্ট্রাইকে। আত্তাপাত্তুর করা প্রথম বলেই ক‌্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। নিজের আউট মানতে না পেরে ব‌্যাট ছুঁড়ে মারেন মাটিতে। বাংলাদেশ শেষ পর্যন্ত ৩ রানে ম‌্যাচ হেরে সিরিজে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশড হয়।