ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘হিয়ার মাঝে’। ভালোবাসা, সম্পর্কের টানাপড়েনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন লামিমা লাম, সুদীপ বিশ্বাস দীপ, সঞ্জয় রাজসহ অনেকে।
নাটকটি রচনা করেছেন সজল আহমেদ। এটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব।
নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট ও ডাক্তার বাড়ি-২ লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হিয়ার মাঝে’ নাটকটি ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে প্রচার হবে। নাটকটির মার্কেটিং পার্টনার হিসেবে রয়েছে এসকে মিডিয়া পিআর।
নাটকটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী লামিমা লাম। তিনি বলেন, “হিয়ার মাঝে’ খুব যত্ন নিয়ে করা একটি কাজ। প্রতিটি দৃশ্যে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সহশিল্পী দীপের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমাদের কেমিস্ট্রি বেশ ভালো হয়েছে। নির্মাতা রাজীব ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি, তাই পুরো অভিজ্ঞতাটাই ছিল স্বচ্ছন্দময়।”
অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ বলেন, “শুটিং অভিজ্ঞতা ছিল দারুণ। আশা করছি, দর্শকরা ঈদে টিভির পাশাপাশি ইউটিউবেও নাটকটি উপভোগ করবেন। লামিমা লামের সঙ্গে প্রথম কাজ হলেও আমাদের বোঝাপড়া খুব ভালো ছিল। দর্শকদের কাছে আমাদের জুটিটি গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি।”
নিজের চরিত্র নিয়ে অভিনেতা সঞ্জয় রাজ বলেন, “গল্পটি বেশ শক্তিশালী। দীর্ঘ অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করেছি। বর্তমানে নেগেটিভ চরিত্রে বেশি দেখা যায় আমাকে। তবে এই নাটকে দর্শক আমাকে ভিন্ন এক রূপে দেখতে পাবেন, যা তাদের কাছে নতুন লাগবে বলেই আমার বিশ্বাস।”