সারা বাংলা

চলন্ত বাস থেকে পড়ে হেল্পারের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামের এক যুবকের  মৃত্যু হয়েছে। তিনি বাসচালকের সহকারী (হেল্পার) ছিলেন।

মঙ্গলবার (৫ মে) পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাস বোদা বাইপাস এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় শান্ত এক নারী যাত্রীকে বাসে তুলতে যান। এ সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।