কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন (৬ মাস) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মারা যায়।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হলো।
ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সদর জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১ হাজার ৪৯ শিশু ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালে ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে ১৫৫ শিশু ভর্তি আছে।