শিক্ষা

আইইএলটিএস ছাড়াই জাপানে পড়ার সুযোগ, মিলবে ভাতা-টিউশন ফি

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কিন্তু আইইএলটিএস, খরচ বা জটিল প্রক্রিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে, এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে জাপান সরকার। জনপ্রিয় ‘মেক্সট স্কলারশিপ’ (http://202.4.112.150:3030/auth/login) এর আওতায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে।

এই স্কলারশিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো; আবেদন করতে কোনো ফি লাগে না, টিউশন ফি পুরোপুরি মওকুফ, দেওয়া হয় মাসিক ভাতা, এমনকি যাতায়াতের বিমানভাড়াও বহন করে জাপান সরকার।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী নেওয়া হয় এই বৃত্তির আওতায়। বাংলাদেশ থেকেও নির্দিষ্ট কোটায় শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গবেষণা (মাস্টার্স ও পিএইচডি) পর্যায়ে ৪০ জন, স্নাতকে ২৫ জন, কলেজ অব টেকনোলজিতে ১৫ জন এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে ৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হবেন।

এই বৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আইইএলটিএস বা টোয়েফল স্কোর বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীর পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়েছে, এমন প্রমাণ দিতে হবে।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। মাস্টার্স বা পিএইচডির জন্য জন্ম ২ এপ্রিল ১৯৯২-এর পরে এবং স্নাতকের জন্য ২ এপ্রিল ২০০২-এর পরে হতে হবে। এছাড়া, এইচএসসি বা সমমান পাস (বা ফলপ্রত্যাশী) হতে হবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইঞ্জিনিয়ারিং, আইসিটি, ম্যাটেরিয়াল সায়েন্স, লাইফ সায়েন্সসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

এই স্কলারশিপে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ, মাসিক ভাতা, আবেদন ফি ছাড় এবং যাতায়াতের বিমানভাড়া প্রদান করা হয়।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনপত্রের হার্ড কপি, শিক্ষাগত সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র ১২ মে ২০২৬ বিকেল ৪টার মধ্যে সচিবালয়ে জমা দিতে হবে।

শেষ সময়

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১২ মে ২০২৬, বিকেল ৫টা।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট: https://shorturl.at/umlGI