ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উড্ডয়ন করা একটি ড্রোন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় এসে পড়েছে। সেটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সীমান্ত এলাকার শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে ড্রোনটি আছড়ে পড়ে।
বিজিবি জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের উপ-পিলার ৮-এর কাছে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও করছিল। এ সময় হঠাৎ কারিগরি ত্রুটির কারণে ভোঁ ভোঁ শব্দ করে ড্রোনটি বাংলাদেশের মুগলিবাড়ী সীমান্তের ১৫-২০ গজ ভেতরে একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে। এর পর বিএসএফ সদস্যরা সীমান্তের ওপারে জড়ো হতে শুরু করলে জমিতে কর্মরত স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারী বিজিবি ক্যাম্পের একজন কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনটি বর্তমানে তাদের হেফাজতে সুরক্ষিত আছে। বিষয়টি এরইমধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেছেন, “বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের সাথে যোগাযোগ করে ড্রোনটির বিষয়ে জানতে চেয়েছেন। ড্রোনটি বর্তমানে বিজিবির কাছে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”