বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে অভিযুক্তের উপযুক্ত বিচার দাবি করেন।
সোমবার (৪ মে) রাতে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়।
ইদ্রিস আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি ব্র্যাক দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা এবং বর্তমানে দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু ইদ্রিস আলীর স্ত্রী গুলশান আরা আন্নার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় গৃহশিক্ষিকা বাড়িতে না থাকার সুযোগে ইদ্রিস আলী শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানায়।
এ ঘটনায় ওই রাতেই শিশুটির বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৫ মে) সকালে বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী দুপুর ১২টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিচার আইনে আসামির শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।