সারা বাংলা

সিলেট সিটির ৪২ ওয়ার্ড ৫ অঞ্চলে বিভক্ত করে প্রজ্ঞাপন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ৪২টি ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে (রিজিয়ন) ভাগ করা হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৫ মে) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, এর ফলে নগরবাসীর দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ থেকে ৪২ নম্বর ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চল–১ এ অন্তর্ভুক্ত করা হয়েছে ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড। অঞ্চল–২ গঠিত হয়েছে ২১, ২২, ২৩, ২৪, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে। অঞ্চল–৩ এ রয়েছে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড। অঞ্চল–৪ এ অন্তর্ভুক্ত করা হয়েছে ৪, ৫, ৬, ৭, ৮, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড। আর অঞ্চল–৫ গঠিত হয়েছে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে।

প্রতিটি অঞ্চলের অধীনে সংশ্লিষ্ট এলাকার সার্বিক নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। এ সব কার্যক্রমের মধ্যে রয়েছে প্রশাসনিক কাজ, হিসাব রক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, জন্ম–মৃত্যু নিবন্ধন, কবরস্থান ও শ্মশানঘাট রক্ষণাবেক্ষণ, কর নির্ধারণ ও আদায়, লাইসেন্স প্রদান, বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন।

প্রজ্ঞাপনে সিলেট সিটি করপোরেশনকে দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে সেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে এবং নগর ব্যবস্থাপনায় গতি আসবে।