প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত সঙ্গীতনির্ভর সিনেমা ‘রকস্টার’ এর টিজার। কয়েক দিন আগে অ্যানিমেশন টিজারের মাধ্যমে আগাম ঘোষণা দেওয়া হয়েছিল, খুব শিগগিরই আসছে অফিশিয়াল টিজার। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে এ শাকিব খান ও চরকির চ্যানেলে প্রকাশ পায় ‘রকস্টার’-এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে ফুটে উঠেছে এক সংগীতশিল্পীর উত্থান ও পতনের গল্প। টিজারের শেষে জানানো হয়েছে—এটি ‘স্রেফ জ্যামিং’, সামনে আরও একটি টিজার আসছে। এতে যে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে, তাতে কোনো সন্দেহ নাই।
টিজারে দেখা গেলো নতুন এক শাকিবকে। এর আগে ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের পর এবার তিনি হাজির হয়েছেন একেবারে নতুন অবতারে—একজন সংগীতশিল্পী হিসেবে।
এবার রকস্টার চরিত্রটির জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন শাকিব—ওজন কমানো থেকে শুরু করে চুলের স্টাইলেও এসেছে পরিবর্তন। বিভিন্ন লুকে তাকে দেখানো হয়েছে।
অ্যানিমেশন টিজারের সেই গান—“আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও এই নীল আকাশে...” —অফিসিয়াল টিজারেও ব্যবহার করা হয়েছে। এই সিনেমাতে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। যদিও টিজারে তাদের উপস্থিতি দেখানো হয়নি, তবে তারিক আনাম খান-কে দেখা গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার। ‘রকস্টার’ মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে।