নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মাদক, অস্ত্র ও ১০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা হয়। এ সময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। থানা পুলিশের সহয়তায় রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার একটি ছয়তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র্যাব।
এসময় দুই বাড়িতে তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকাসহ আটককৃতদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। কারা এ হামলা চালিয়েছে, পরে তা বিস্তারিত জানানো হবে।”