সারা বাংলা

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে সমাজ ও রাজনীতি জবাবদিহিতার মধ্যে থাকবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহিতার মধ্যে থাকবে। আর এসব প্রতিষ্ঠান জবাবদিহিতার মধ্যে থাকলে রাষ্ট্রের উন্নয়ন হবে। রাষ্ট্রের শাসনকার্য স্বচ্ছ হবে। অপসাংবাদিকতা রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।”

মঙ্গলবার (৫ মে) বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, “নৈরাজ্যপূর্ণ সংবাদ মাধ্যমের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সংবাদ মাধ্যম স্বাধীন থাকলে গণতন্ত্র সমৃদ্ধ হয়। জনগণের অধিকার সঠিক তথ্য পাওয়া। তাই সংবাদকর্মীদের সব সময় সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।” 

তিনি বলেন, “আমরা স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সংবাদপত্রের সঙ্গে জড়িত সব সংগঠনের সঙ্গে কথা বলছি। সংবাদ মাধ্যমের সঠিক নীতিমালা তৈরি করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। টিআরপির নামে কোনো সংবাদ মাধ্যমকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না।”

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোচ্ছাবেরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সুলতান আহম্মেদসহ প্রমুখ। জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।