খেলাধুলা

আর্সেনালের কাছে বিদায়ের পরও গর্বিত সিমিওনে

চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আবারও থেমে গেল শেষ বাঁকের আগেই। তবু হতাশার মাঝেও অজুহাতের আশ্রয় নিল না আতলেতিকো মাদ্রিদ। এমিরেটসে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোচ দিয়েগো সিমিওনে স্পষ্ট জানিয়ে দিলেন- রেফারিং সিদ্ধান্তকে ঢাল বানাতে চান না তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি মুহূর্ত ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে আতলেতিকো শিবিরে। রিকার্দো কালাফিওরির চ্যালেঞ্জে আন্তোয়ান গ্রিজমান মাটিতে পড়ে গেলেও পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। বরং কিছু সেকেন্ড আগের ফাউলের সিদ্ধান্তে আর্সেনালকে ফ্রি-কিক দেওয়া হয়। সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও সিমিওনের কণ্ঠে ছিল না অভিযোগের সুর।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘গ্রিজমানের ঘটনাটি নিয়ে আলোচনা করে লাভ নেই। তার মতে, সেটি ফাউল ছিল। কিন্তু সেটিকে সামনে আনা মানে অজুহাত খোঁজা। আর তিনি কোনোভাবেই পরাজয়ের ব্যাখ্যায় অজুহাত দাঁড় করাতে চান না।

প্রথমার্ধে বুকায়ো সাকার করা গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যায় আর্সেনাল। অন্যদিকে আবারও অপূর্ণ রয়ে যায় আতলেতিকোর ইউরোপ জয়ের স্বপ্ন।

তবে বিদায়ের পরও নিজের দল নিয়ে গর্বিত সিমিওনে। তার মতে, দুই লেগেই খেলোয়াড়রা সর্বস্ব উজাড় করে লড়েছে। মৌসুম শুরুর আগে অনেকে যেখানে আতলেতিকোকে বড় মঞ্চে দেখতেই চাননি, সেখানে দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে প্রমাণ করেছে তারা এখনো ইউরোপের অন্যতম লড়াকু শক্তি।

চলতি মৌসুম আতলেতিকোর জন্য শিরোপাহীনভাবেই শেষ হতে যাচ্ছে। কোপা দেল রের ফাইনালেও হার, লা লিগায়ও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পিছিয়ে তারা। কিন্তু ইউরোপীয় মঞ্চে বার্সেলোনাকে বিদায় করে শেষ চারে ওঠা দলটির জন্য বড় অর্জন বলেই মনে করছেন সিমিওনে।

আতলেতিকো কোচের মতে, গত কয়েক বছরে ক্লাবটি ইউরোপে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশ্ব ফুটবলেও এখন তাদের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। তবে সমর্থকদের প্রত্যাশা আরও বড়। তারা শুধু সেমিফাইনাল নয়, ট্রফি দেখতে চায়।

আর সেই অপূর্ণতার কষ্ট নিয়েই আরেকটি মৌসুম শেষ করল আতলেতিকো। তবু সিমিওনের কণ্ঠে হারের হতাশার চেয়ে বেশি ছিল লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ়তা।