গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস একই উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফফার জানান, বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটর সাইকেল করে তার কর্মস্থল কাশিয়ানীর পারকরফা জালালিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। তিলছড়া বাজার এলাকায় ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বিনয় কৃষ্ণ বিশ্বাস। দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক কৃষ্ণ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।