প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরে কর্মসূচি গণমাধ্যমের হাতে এসেছে। এ সফর ঘিরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুইপাশ দলীয় নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন, গেটে ভরে যাচ্ছে। চারদিকে সাজ সাজ রব দেখা যাচ্ছে।
বুধবার (৬ মে) এ সফর সম্পর্কিত তথ্য জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
আগামী ১৬ মে দিনব্যাপী চাঁদপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ দিন সকাল ৭টায় প্রধানমন্ত্রী ঢাকাস্থ গুলশানের বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন। ৯টায় শাহরাস্তি উপজেলায় টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারস্থ খাল পুনঃখননের উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন। ১১ টায় চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষেরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দুপুর ১টায় সার্কিট হাউজে অবস্থান করে জোহরের নামাজ, মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নেবেন।
২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। বিকাল সাড়ে ৪টায় জে. এম. সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেবেন। বিকাল সাড়ে ৫টায় জে. এম. সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন বা চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ১০টায় ঢাকাস্থ গুলশান বাসভবনে উপস্থিত হবেন।
প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের এমন কর্মসূচি সুশৃঙ্খল ও সফল করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই চাঁদপুরে প্রথম আগমন। এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এটা তাঁর সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা তার সফরসঙ্গী হবেন।