বিনোদন

দিনশেষে প্রতিটি মেয়েই সংসার চায়: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনে নানারকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। তারপরও দৃঢ় সংকল্পে নিয়মিত অভিনয়ও করছেন। প্রায়ই বিয়ে-সন্তান নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। একটি ভিডিও বার্তায় বিষয়টিকে ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি নিজের ভাবনা ও অনুভূতির কথাও জানিয়েছেন এই তারকা। 

উদাহরণ টেনে সাদিয়া জাহান প্রভা বলেন, “ধরুন, আপনি আমার জেনুইন ফ্যান, এটা নিয়ে কোনো দ্বি-মত নেই। আপনি আমার কাজ পছন্দ করেন, আমার অভিনীত নাটক, টিভিসিগুলো দেখেন এবং ভালো লাগে। আপনার সঙ্গে আমার কোথাও দেখা হলো; কোনো ডাক্তারের চেম্বারে, শপিং মল বা রেস্টুরেন্টে খেতে গিয়ে। ব্যাপারটি খুবই মিষ্টি। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়া যদি প্রশ্ন করেন—আপা, বিয়ে করছেন না কেন? এই ধরনের প্রশ্ন করা খুবই ইনডিসেন্ট। এতে খুব কষ্ট পাই।”  

সাদিয়া জাহান প্রভা

বিয়ে নিয়ে ভক্ত-অনুসারীর ব্যবহারের সমালোচনা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “আমি নাহয় নায়িকা, আপনাদের দৃষ্টিতে আমাদের জীবনযাপন অনেক উগ্র! আপনি তো আমার মতো না। আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু, বিয়ে—প্রতিটি বিষয়ই তো সৃষ্টিকর্তার হাতে, না কি? এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখেছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানেন না, ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।” 

সাদিয়া জাহান প্রভা

ভিডিও বার্তায় নিজের জীবন সংগ্রামের কথাও উল্লেখ করেন সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, “আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সঙ্গেই ঠিক থাকতে হবে।” 

দিনশেষে প্রতিটি নারী স্বামী-সংসার চায় বলে মনে করেন সাদিয়া জাহান প্রভা। তার ভাষায়—“আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সে-ও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়।” 

সাদিয়া জাহান প্রভা

ব্যক্তিগত প্রশ্নগুলো মানুষকে আহত করে, এ বার্তা দেওয়ার পাশাপাশি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, “যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছেন, তাদের মনেও কষ্ট আছে। এ ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এত সন্দেহ কেন?”