ক্যাম্পাস

রাজনৈতিক চাপে চবির এএফ রহমান হলের প্রভোস্টের পদত্যাগ

রাজনৈতিক চাপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাসলিম উদ্দিন।

মঙ্গলবার (৫ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অব্যাহতির আবেদন পাঠান।

অব্যাহতি পত্রে অধ্যাপক তাসলিম উদ্দিন উল্লেখ করেন, বর্তমানে পারিবারিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তাসলিম উদ্দিন বলেন, “অব্যাহতির পেছনে রাজনৈতিক চাপ ছিল। তবে পত্রে তা উল্লেখ করিনি। ছাত্র-শিক্ষক রাজনীতির নানা চাপের কারণেই মূলত পদত্যাগ করেছি। জাতীয় নির্বাচনের পর থেকেই বিভিন্ন ধরনের চাপ মোকাবিলা করছি।” তবে কোন রাজনৈতিক দলের চাপের সম্মুখীন হচ্ছেন, তা তিনি বিস্তারিত জানাননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক তাসলিম উদ্দিনকে জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত বলে বিবেচনা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ড. তাসলিম উদ্দিনের অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে। ওই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দুই বছরের জন্য এএফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পান অধ্যাপক তাসলিম উদ্দিন। নিয়োগ অনুযায়ী, তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর।