ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে।
বুধবার (৬ মে) এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেন ডাকসুর নেতারা। এতে স্বাক্ষর করেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ভবনের অধীন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াগুলোতে পচা ও নিম্নমানের খাবার পরিবেশন, অপরিষ্কার রান্নাঘর, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যবিধি না মানার মতো সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। এসব বিষয়ে একাধিকবার টিএসসি পরিচালক ও এস্টেট ম্যানেজারের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
ডাকসুর নেতাদের মতে, বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি জনস্বাস্থ্য ও শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।
আবেদনপত্রে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—সব ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় নিয়মিত মনিটরিং চালু করা, খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ক্যান্টিন পরিচালনায় কার্যকর নীতিমালা ও তদারকি কমিটি গঠন।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো অবহেলার সুযোগ নেই। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই ক্যান্টিন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।”