ছেলে শিক্ষার্থীদের জন্য বেত্রাঘাতের বিধান চালু করেছে সিঙ্গাপুর। দেশটিতে চালু হওয়া নতুন নির্দেশিকা অনুযায়ী, সাইবারবুলিং সহ অন্যদের উৎপীড়নকারী ছাত্রদের শাস্তির ‘শেষ উপায়’ হিসেবে বেত্রাঘাতের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার (৫ এপ্রিল) পার্লামেন্টে আলোচিত নতুন নিয়ম অনুযায়ী, ছাত্ররা সর্বোচ্চ তিনবার বেত্রাঘাতের সম্মুখীন হতে পারে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো শিশুদের ওপর শারীরিক শাস্তির ব্যবহারের বিরোধিতা করে। তাদের মতে, এটি শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং সময়ের সাথে সাথে আচরণগত সমস্যা বাড়িয়ে তোলে।
শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি আইনপ্রণেতাদের বলেছেন, ‘অপরাধের গুরুত্বের মাত্রার পরিপ্রেক্ষিতে, যদি অন্য সব ব্যবস্থা অপর্যাপ্ত হয’ তবেই কেবল বেত্রাঘাত প্রয়োগ করা হবে।
তিনি বলেছেন, “শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনে কঠোর নিয়মকানুনের কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, বেত্রাঘাত অবশ্যই অধ্যক্ষের অনুমোদন সাপেক্ষে হতে হবে এবং শুধুমাত্র অনুমোদিত শিক্ষকরাই তা প্রয়োগ করতে পারবেন। বিদ্যালয়গুলো শিক্ষার্থীর পরিপক্কতার মতো বিষয়গুলো বিবেচনা করবে এবং দেখবে যে বেত্রাঘাত তাকে তার ভুল থেকে শিখতে ও তার কৃতকর্মের গুরুত্ব বুঝতে সাহায্য করবে কি না।”
এই পদক্ষেপগুলো র্যাগিংয়ের ওপর কেন্দ্র করে এক বছরব্যাপী পর্যালোচনার ফলস্বরূপ নেওয়া হয়েছে। গত বছর বিদ্যালয়গুলোতে র্যাগিংয়ের বেশ কয়েকটি আলোচিত ঘটনা জনসমক্ষে আসার পর এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হলো।