সারা বাংলা

চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জব্দ করা কুকি-চিন আর্মির বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম এ তথ্য জানান। 

তিনি জানান, বায়েজিদ থানায় দায়ের করা মামলায় জব্দ হওয়া এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন আর্মির জন্য প্রস্তুত করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর একাধিক ধারা এবং পেনাল কোডের ১২০বি ধারায় দায়ের করা হয়। তদন্ত চলাকালে ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক জব্দ করা হয়।

ওসি আবদুল করিম জানান, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানের সমস্যা তৈরি হচ্ছিল। একইসঙ্গে এসব পোশাক অপব্যবহার কিংবা নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল। এ অবস্থায় তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চান।

বিষয়টি পর্যালোচনা শেষে আদালত বিচারিক প্রয়োজনে নমুনা হিসেবে ১০০ পিস পোশাক সংরক্ষণের নির্দেশ দেন। পাশাপাশি অবশিষ্ট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক যথাযথ নিয়মে ধ্বংসের আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে আলামতগুলো ধ্বংস করা হয়েছে।