আন্তর্জাতিক

বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় বিদেশি নাগরিকদের পাচারের অভিযোগে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সর্বশেষ মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এই পদক্ষেপে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এর মধ্যে রয়েছে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানিও।

যুক্তরাজ্যের বৈদেশিক কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জনবল ও সামরিক সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রতারণার মাধ্যমে নিয়োগ দিচ্ছে। অনেককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে, আবার কেউ কেউ কাজ করছে অস্ত্র ও ড্রোন কারখানায়। এই নেটওয়ার্ক ভাঙতেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাংলাদেশি প্রতিষ্ঠান হলো ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশে কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে লোকজনকে রাশিয়ায় পাঠানোর সঙ্গে জড়িত ছিল। যদিও প্রতিষ্ঠানটি মূলত অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সহায়তা ও ট্যুর প্যাকেজ সেবা দিয়ে থাকে।

যুক্তরাজ্যের বৈদেশিক কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস, “ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড অবৈধভাবে মানবপাচারে, জড়িত আছে বা ছিল। ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল এবং তারপর তাদের শোষণ করেছে। প্রতিষ্ঠানটি রাশিয়ার পরিষেবা খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর, তাদেরকে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।”