ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামে উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ শিশু।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স ৯ মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। গত ২ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
মমেক হাসপাতাল সূত্র জানায়, গত দেড় মাসে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু। বর্তমানে এই হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৯৪ শিশু।