জাতীয়

কোরবানি ঈদে ট্রেনের অগ্রীম টিকিট ১৩ মে থেকে 

আসছে পবিত্র ঈদুল আজহায় ১৩ মে থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ যাত্রীবাহী ট্রেন এবং তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে বলেও জানিয়েছে তারা। 

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান।

ঈদযাত্রার টিকিট ১৩ মে থেকে পর্যায়ক্রমে দেওয়া হবে। ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এরপর ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এরপর ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুন যাত্রার টিকিট। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকিট বিক্রি হবে।

গত ৫ মে রেলভবনের সম্মেলন কক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ডিএমপি কমিশনার মো. সরওয়ার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫ জোড়া স্পেশাল ও ৩টি ক্যাটেল ট্রেন   ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে শোলাকিয়া ঈদ স্পেশাল শুধু ঈদের দিন চলবে।

কোরবানির পশু পরিবহনে ২২ ও ২৩ মে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ঢাকা, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পশু আনা হবে।

পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদের অগ্রীম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ ৪টি টিকিট দেওয়া হবে। ঈদের টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। টুল বা মই নিয়ে স্টেশনে প্রবেশ করতেও বাধা দেওয়া হবে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আরএনবি মোতায়েন থাকবে। টিকিটধারী ছাড়া কেউ প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন না। স্টেশনের প্রবেশমুখে জিগজ্যাগ বেষ্টনী তৈরি করা হবে।

অফ-ডে বাতিল, পণ্যবাহী ট্রেন বন্ধ

২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরদিন সকাল ৬টা পর্যন্ত জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না। একই সময়ে জয়দেবপুর থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল ট্রেনে টিকিট ইস্যু হবে না বলেও জানা গেছে।

পশুর হাট নিয়ে নির্দেশনা

রেলওয়ের অনুমতি ছাড়া রেললাইন ঘেঁষে বা স্টেশনের প্রবেশপথে কোরবানির পশুর হাট বসানো যাবে না। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে হাট বসলে তা মৈত্রী সংঘ মাঠ সংলগ্ন এলাকায় সীমাবদ্ধ রাখতে হবে। রেললাইনের পাশে হাট বসলে শক্ত বেষ্টনী দিতে হবে, যাতে ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটে।