পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় খাল খনন। জনস্বার্থে এই কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারা দেশে খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখল মুক্ত হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে খাল খননের উদ্বোধন করবেন। মন্ত্রী উদ্বোধনস্থান পরির্দশন করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘‘অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু ক্ষেত্রে বিশেষ আইনি জটিলতা দেখা দিতে পারে। ওই সব বিষয়গুলো আমরা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবিলা করব।’’
মন্ত্রী বলেন, ‘‘খালগুলো খালের স্থানেই রয়েছে। কেউ যদি অবৈধভাবে কিছু গড়ে তোলে, স্বাভাবিকভাবে তাকে ওই স্থান থেকে তা উঠিয়ে নিয়ে যেতে হবে। বাকি আইনগতভাবে মোকাবিলা করব। তবে আমাদের উদ্দেশ্যে ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যোমে বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।’’
এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন।