মরোক্কান বংশোদ্ভূত অভিনেত্রী নোরা ফাতেহি ‘আইটেম গার্ল’ হিসেবে অধিক পরিচিত। তার ব্যক্তিগত জীবনও বলিপাড়ায় কম চর্চিত নয়। কেবল রুপালি পর্দা নয়, ফুটবল মাঠেও ঝড় তোলার দক্ষতা রয়েছে তার। একসময় ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু অদৃষ্ট তার সহায় হয়নি। আর সেই গল্পই শুনিয়েছেন নোরা ফাতেহি—
খেলা না হলেও ফুটবল মাঠের সঙ্গে নোরা ফাতেহির নিয়মিত যোগাযোগ রয়েছে। মাঠে খেলা দেখতে যাওয়া তার রুটিনের অংশ। মরক্কোর ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এমনকি, প্যারিস সাঁ জাঁর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গেও তার প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
কয়েক দিন আগে নোরা ফাতেহি তার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, কোচের সঙ্গে ফুটবল অনুশীলন করছেন তিনি। সেই সঙ্গে তার ফুটবলপ্রীতির কথাও জানিয়েছেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়তে চেয়েও তা কেন হলো না, তা-ও প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী।
প্রাক্তন কোচ গোভি হেনরিকসেনকে ট্যাগ করে নোরা ফাতেহি লিখেছেন, “২০১৭ সালে ফিরে গেলাম। সেই সময় ফুটবল নিয়ে যে কনটেন্টগুলো বানাতাম, সেগুলো হঠাৎ চোখে পড়ল। আমার কোচের প্রশংসা করতেই হয়। তার সঙ্গে দারুণ কাজ করেছি। আপনার জন্যই ফুটবলের প্রতি আমার ছোটবেলার ভালোবাসাটা ফের জেগে উঠেছে।”
ছবির পাশাপাশি ফুটবল খেলার ভিডিও পোস্ট করেছেন নোরা ফাতেহি। যেখানে নিজের ফুটবল স্কিল দেখান এই তারকা। তরুণদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠেন এই অভিনেত্রী। নোরার সঙ্গী কে ছিলেন জানেন? মাইকেল আওয়েন। ইংল্যান্ডের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠ কাঁপান নোরা।
নোরা ফাতেহির ফুটবলার হওয়ার স্বপ্ন কেন পূরণ হলো না? কারণ ব্যাখ্যা করে নোরা ফাতেহি লিখেছেন, “১১ বছর বয়সে চোট পাওয়ার পর আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম।” কেমন আঘাত পেয়েছিলেন নোরা? অবশ্য এই প্রশ্নের উত্তর দেননি এই অভিনেত্রী। তবে মনে করিয়ে দিয়েছেন যে, ওই সময়টা ছিল তার জীবনের ‘কঠিন সময়’।
সেই ‘কঠিন সময়’ থেকে কীভাবে ফিরলেন নোরা? কোচকে ধন্যবাদ দিয়ে প্রশ্নটির উত্তর দিয়েছেন নোরা। তিনি লিখেন, “আপনি আমার জীবনের কঠিন সময় পার করতে সাহায্য করেছেন! শারীরিক-মানসিকভাবে আরো শক্তিশালী হতে সাহায্য করেছেন। ফুটবলের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছেন।”
ফুটবলার হতে না পেরে এখনো আফসোস করেন নোরা ফাতেহি। তারপরও খেলার মাঠের সঙ্গে নিয়মিত যোগ রয়েছে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিলেন নোরা। তার সঙ্গে ছিলেন প্লেব্যাক গায়ক বাদশা।
অবশ্য, এর আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে দেখা গিয়েছিল নোরাকে। ওই বিশ্বকাপের অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’ গানের হিন্দি অংশটি গেয়েছিলেন তিনি। পাশাপাশি গানটির সঙ্গে পারফর্মও করেছিলেন এই তারকা।