সারা বাংলা

নারায়ণগঞ্জে টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। 

সূত্র জানায়, নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চারজন ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হন। এসময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মহসিন সরদার গুরুতর আহত হন। তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক মহসিন সরদারকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মহসিন সরদারের মৃত্যুতে সহকর্মীরা সবাই শোকাহত। তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।