নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যার ও তিনটি ফার্নিচারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিক ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একতা ফার্নিচার মালিক ফারুক বিশ্বাস জানান, তার ফার্নিচারের দুইটি দোকান পুড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগেুনের সূত্রপাত। আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।