ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কোঝাগম (টিভিকে) ১০৭টি আসন পেয়েছে। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় বিজয়ের দল সরকার গঠন নিয়ে জটিলতায় পড়েছে। এ পরিস্থিতিতে বিজয়ের দলের ১০৭ জন বিধায়ক গণপদত্যাগের কথা ভাবছেন। বৃহস্পতিবার (৭ মে) দলীয় একটি সূত্র এসব তথ্য জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, এম. কে. স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে অথবা এদাপ্পাদি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন এআইএডিএমকে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে। এতে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিজয়ের শিবিরে ক্রমবর্ধমান অস্বস্তির ইঙ্গিত মিলেছে। সেখান থেকে গণপদত্যাগের আভাস পাওয়া যাচ্ছে। যদিও অফিশিয়ালি এই হুঁশিয়ারি দেননি থালাপাতি বিজয়।
গত ২৩ এপ্রিল, অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, আর এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। এ দুটো দল দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু সুযোগ সন্ধানী ডিএমকে আড়াল থেকে প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে আলোচনা শুরু করেছে; যাতে টিভিকে ক্ষমতায় আসতে না পারে। আর এ খবর প্রকাশ্যে আসার একদিন পর বিজয়ের দলের গণপদত্যাগের খবরটি সামনে এসেছে।
সূত্রটি বলেন, “টিভিকের নেতারা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। কারণে তারা মনে করছেন, ডিএমকে এবং এআইএডিএমকে গোপনে একজোট হয়ে বিজয়কে ক্ষমতায় আসা থেকে আটকানোর চেষ্টা করছে, যদিও টিভিকে বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।”
টিভিকে দলের নেতাদের মতে—প্রধান দুই দ্রাবিড় দলের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, টিভিকেকে ক্ষমতার বাইরে রাখার ইঙ্গিত দিচ্ছে, যদিও কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি।
টিভিকের জ্যেষ্ঠ এক নেতা বলেন, “জনগণের রায় বিভক্ত হতে পারে। কিন্তু সবচেয়ে বড় দলকে উপেক্ষা করা যায় না।”
বিধানসভা নির্বাচনে টিভিকে মোট ১০৮টি আসন জিতেছে, যার মধ্যে বিজয় নিজে দুটি আসনে জয়ী হয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিজয়কে একটি আসন ছাড়তে হবে, ফলে দলের কার্যকর বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১০৭টি। কংগ্রেসের সমর্থনও দলটির সঙ্গে রয়েছে; যা আরো ৫ জন সদস্য যোগ করে মোট সংখ্যা ১১২টি। কিন্তু ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন।