সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে নতুন ২ উপজেলার সিদ্ধান্তে আনন্দ মিছিল

ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ভুল্লী ও রুহিয়াকে উপজেলা হিসেবে অনুমোদনের পর থেকেই এলাকায় বইছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের বৈঠকে দেশে নতুন করে যে পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে ঠাকুরগাঁওয়ের ভুল্লী ও রহিয়াও অন্তর্ভুক্ত। এই খবর প্রকাশের পর থেকেই এই দুই এলাকায় আনন্দ ও উল্লাস শুরু হয়।

পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে ভুল্লী থানাকে নতুন উপজেলা হিসেবে গঠন করা হবে। ছয়টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত রুহিয়া থানা উপজেলায় রূপান্তর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাত ১০টায় রুহিয়া ও ভুল্লী এলাকায় নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পৃথকভাবে আনন্দ মিছিল হয়। মিছিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, নতুন উপজেলা গঠনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাসহ সব নাগরিক সেবা এখন সরাসরি মানুষের কাছে পৌঁছাবে। প্রশাসনিক ভোগান্তি লাঘবের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।