সারা বাংলা

বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘‘বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই। আওয়ামী লীগ সরকার যে দেশ রেখে গিয়েছিল তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ চাই।’’

‘‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন- আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে।’’ এ সময় তিনি আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরও উন্নত করা এবং সব ধরনের অনৈতিক কর্মকান্ড থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান। 

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শীঘ্রই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে।’’ 

উল্লেখ্য, ১৭৪ জন নবীন আইনজীবী যোগদান করছেন খুলনা বারে। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু। এর আগে মন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।