আন্তর্জাতিক

ইরানের বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫

মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি ও ওমান উপসাগরের নিকটবর্তী এলাকায় বৃহস্পতিবার (৭ মে) রাতে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে ১০ জন নাবিক আহত হয়েছেন এবং ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (৮ মে) ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, দক্ষিণ ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহর জানান- মিনাবের কোলাহি জেলার বাসিন্দাদের মালিকানাধীন একটি বেসামরিক কার্গো জাহাজ কৌশলগত এই জলপথের কাছে মার্কিন হামলার শিকার হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর তথ্যানুসারে, মিনাব কাউন্টির উপকূলীয় জলসীমায় মার্কিন বাহিনী আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। রাদমেহর জানান, ঘটনার সময় জাহাজটিতে মোট ১৫ জন নাবিক ছিলেন।

তিনি আরো বলেন, “আহত নাবিকদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি নিখোঁজ নাবিকদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত করতে স্থানীয় উদ্ধারকারী দলগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এই ইরানি কর্মকর্তা বাণিজ্যিক জাহাজে হামলা চালানোকে শত্রুপক্ষের ‘হতাশার লক্ষণ’ হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, এর কয়েক দিন আগেই ইরানি সংবাদমাধ্যম জানিয়েছিল- মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে এমন কিছু নৌযানকে লক্ষ্যবস্তু করেছে যেগুলোকে ওয়াশিংটন ইরানের সামরিক বাহিনীর নৌযান বলে দাবি করেছিল। তবে ইরানের সংবাদমাধ্যমগুলো পরবর্তীতে দাবি করে যে, সেই নৌযানগুলো আসলে বেসামরিক মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ ছিল।