তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছিল। জাতির চিরন্তন লক্ষ্য ও গ্রহণযোগ্য দাবিগুলোর ক্ষেত্রে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত ঐক্য গড়ে ওঠে।”
শুক্রবার (৮ মে) রাজধানীতে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘শাপলা চত্বর শহীদ স্মরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের যে সমস্ত চিরন্তন চাওয়া-পাওয়া এবং যে লক্ষ্যগুলো সবার কাছে গ্রহণযোগ্য, সেগুলো অর্জনের ক্ষেত্রেই সবচেয়ে সুন্দর ঐক্য তৈরি হয়। যেমন ২০২৪ সালের ৫ আগস্ট জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঐক্য তৈরি হয়েছিল ফ্যাসিবাদ বনাম বাংলাদেশের প্রশ্নে।”
জহির উদ্দিন স্বপন বলেন, “বাংলাদেশে কোনো অপরাধকে তামাদি হতে দেওয়া হবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত মানবতাবিরোধী ও অন্যায় সব অপরাধের বিচার নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “সরকার উদ্যোগ নিতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি এক নয়। একটি রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন দল না করা মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পায়।”
তিনি আরো বলেন, “অনেক সময় রাজনৈতিক ও সংগঠিত শক্তির ভেতরে থেকে বৃহত্তর সমাজের শক্তিকে অনুধাবন করা যায় না। অথচ সমাজের সেই শক্তি সাগর ও আকাশসম বিশাল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক। আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মাওলানা হাসনাত জালালী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ড. সরোয়ার হোসাইন, মাওলানা জাহিদউজ্জামান, মাওলানা জালাল উদ্দীন আহমেদ এবং মাওলানা সাইদ উদ্দিন আহমেদ হানজালা।