আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণি চরিত্রে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য নির্ণয় করবে তাদের শাসনব্যবস্থার চারটি বিষয়ের বাস্তব অভিজ্ঞতার ওপর। সেগুলো হলো- দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।”
শুক্রবার (৮ মে) ফেনী শহরের মিজান রোডে এবি পার্টির জেলা কার্যালয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “সাধারণ মানুষ দেখবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর কী কী পরিবর্তন এসেছে। তারা যদি কোনো পরিবর্তন খুঁজে না পায়, তাহলে হতাশা ও ক্ষোভ তাদের নতুন করে ভাবতে বাধ্য করবে।”
দলের ছয় বছরের অর্জন ও ব্যর্থতা নিয়ে পর্যালোচনামূলক বক্তব্যে মঞ্জু বলেন, “পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় নতুন বন্দোবস্তের রাজনীতি করতে গিয়ে আমরা খুব বেশি সাফল্য অর্জন করতে পারিনি। পুরোনো দলগুলোর এখনো কোনো বিকল্প তৈরি হয়নি। ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, অর্থশালী ব্যবসায়ী এবং নির্যাতিত-নিপীড়িত হিসেবে পরিচিতদের পাশাপাশি ধর্মীয়ভাবে মানুষের আবেগ স্পর্শ করতে পেরেছেন এমন ব্যক্তিরাই এবারও জনগণের ভোট পেয়েছেন।”
নতুনদের প্রতি মানুষের আগ্রহ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এবারের ভোটের ফলাফলে সেই আগ্রহ অনেকটা স্পষ্ট। এই সম্ভাবনাকে আরো শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় অবশ্যম্ভাবী।”
সংস্কার প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা চেয়েছিলাম সংস্কার, এ জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার কথাও বলেছিলাম। কিন্তু বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছে। তারা মনে করছে, সংস্কার হলে তাদের ক্ষতি হবে। সংস্কার হলে অন্তত ১৫০ জন এমপি নির্বাচনে অংশ নিতে পারতেন না। আমাদের রাজনৈতিক সিস্টেম পুরোনো। এই সিস্টেম বহাল থাকলে পুরোনো দলগুলোরই সুবিধা হবে।”
এবি পার্টির ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন- দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ। কর্মশালায় যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সহ-দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন, সমাজকল্যাণ সম্পাদক এবি সিদ্দিক, সদস্য আহমেদ আলী নয়নসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।