সারা বাংলা

নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত, আহত ৩

শেরপুরের নকলায় বাস, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক্টরচালক মারা গেছেন।  আহত হয়েছেন অটোরিকশার তিনযাত্রী। 

শনিবার (৯ মে) সকালে পৌর শহরের জালালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত ব্যক্তির নাম আবুল হাশেম। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নকলা থেকে মালবাহী একটি ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায়। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা সামনে পড়ে। বাসটি পাশ কেটে পেছন দিক থেকে ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। ট্রাক্টরের চালক আবুল হাশেম ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান। এ সময় বাস ও ট্রাক্টরের ধাক্কা লাগে অটোরিকশাটিতেও। 

অন্যদিকে, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গেও ধাক্কা লেগে তিন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‍“ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা আহত একজনকে ময়মনসিংহে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”