সারা বাংলা

নড়াইলে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ মে) বিকেলে চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পর এলাকার ছেলে-মেয়েদের আরবি পড়ান। বাদীর মেয়ে ও স্থানীয় আরো দুই মেয়ে সকালে তার কাছে পড়তে যায়। এই মেয়েদের প্রায়ই তিনি যৌন নিপীড়ন করেন। গত ৫ মে তিনি বাদীর মেয়ের সঙ্গেও একই আচরণ করেন। মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় তারা।

এ বিষয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দৌঁড়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ‍“চাকই পশ্চিম পাড়ার আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিশুদের যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেন। আজ তাকে আদালতে পাঠানো হবে।”