রাঙামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের (প্রসীত) সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। সোমবার (১১ মে) দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়ক আধবেলা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
এদিকে, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করতেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় শনিবার সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। তারা হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করে। স্থানীয়রা জানান, হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফের (প্রসিত) কালেক্টর (শুকনাছড়ি এলাকার কালেক্টর) নামে পরিচিত।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দুটি দলই সক্রিয়।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নের্তৃত্বে ৪-৫ জনের একটি সশস্ত্র গ্রুপ শুকনাছড়ি এলাকায় হামলা চালিয়ে আমাদের কর্মী হেগেরা চাকমাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।”
এ বিষয়ে ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কারো বক্তব্য পাওয়া যায়নি।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে সাজেকের উজো বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফ (প্রসীত) নেতাকর্মীরা সোমবার (১১ মে) দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়ক আধবেলা অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।