চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।
শনিবার (৯ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে রায়হান আত্মগোপনে ছিল। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হানদের নিজস্ব মালিকানাধীন ফিলিং স্টেশনে নাচোল থানায় কর্মরত কনস্টেবল শওকত হোসেন ইঞ্জিন অয়েল কিনতে যায়। এ সময় রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং বাগবিতণ্ডার একপর্যায়ে শওকত হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগী কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করে।