সারা বাংলা

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। 

শনিবার (৯ মে) বিকালে নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হুইপ দুলু বলেন, “বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, “আমাদের নেতা সংসদে বলেছেন, সরকার ও বিরোধী দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় স্বার্থে এই ঐক্য ধরে রাখতে হবে।”

অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা ও নাটোর সদর দলিল লেখক সমিতির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ দলের নেতারা।