মা—এই ছোট্ট শব্দটির ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা, সবচেয়ে গভীর অনুভূতি এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। ‘আমার মা’ বলতে আমি শুধু একজন মানুষকে বুঝি না; আমি বুঝি আমার জীবনের প্রথম আলো, প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং সবচেয়ে বড় শক্তিকে।
পৃথিবীর সব সম্পর্কের ভিড়ে মা এমন এক সম্পর্ক, যেখানে কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই; আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা, অফুরন্ত ত্যাগ, অমলিন মমতা আর অনন্ত স্নেহ।
একটি শিশু যখন পৃথিবীতে আসে, তখন সে সম্পূর্ণ অসহায়। ধীরে ধীরে সে হাঁটতে শেখে, কথা বলতে শেখে, পৃথিবীকে চিনতে শেখে। আর এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপে ছায়ার মতো পাশে থাকেন একজন মা। তিনি শুধু সন্তানকে বড় করেন না, বরং তাকে একজন মানুষ হিসেবে গড়ে তোলেন। শিষ্টাচার, নৈতিকতা, সহানুভূতি, ধৈর্য আর মানবিকতার প্রথম পাঠ শিশুটি মায়ের কাছ থেকেই পায়।
আমার জীবনে ‘আমার মা’ শুধুই একজন অভিভাবক নন; তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। অসুস্থতার দিনগুলোতে যখন আমি ভেঙে পড়তাম, তখন তার চোখের দুশ্চিন্তা, নিঃশব্দ রাতজাগা আর অবিরাম যত্ন আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। তিনি নিজের কষ্ট আড়াল করে আমার মুখে হাসি ফোটাতে চাইতেন। তার ভালোবাসা ছিল নিঃশব্দ, কিন্তু সেই ভালোবাসার শক্তি ছিল আকাশের মতো বিস্তৃত। তখনই বুঝেছি, মায়েরা আসলে নিজের জন্য বাঁচেন না; তারা বাঁচেন সন্তানের ভেতর বেঁচে থাকার জন্য।
মায়ের ত্যাগের কোনো পরিমাপ হয় না। তিনি নিজের স্বপ্ন, নিজের বিশ্রাম, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোও সন্তানের ভবিষ্যতের কাছে নীরবে সমর্পণ করে দেন। সন্তানের একটি হাসিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। পৃথিবীর কোনো ধন-সম্পদ, কোনো প্রাপ্তিই মায়ের এই নিঃস্বার্থ ত্যাগের সমান হতে পারে না। আমার মা আমার কাছে এমন একজন মানুষ, যিনি নিজের জীবন দিয়েই আমাকে জীবনকে বুঝতে শিখিয়েছেন।
নেপোলিয়ান বোনাপার্ট–এর একটি বিখ্যাত উক্তি আছে—‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।’
এই কথার গভীরতা আসলে একটি জাতির ভবিষ্যৎকে স্পর্শ করে। কারণ একজন শিক্ষিত মা শুধু তার সন্তানকে বইয়ের জ্ঞান দেন না; তিনি তাকে নৈতিকতা শেখান, মানবিকতা শেখান, সঠিক পথ বেছে নিতে শেখান। তাই একটি জাতির ভিত গড়ে ওঠে মূলত মায়ের শিক্ষার উপরেই।
একজন শিক্ষিত মা জানেন কীভাবে একজন শিশুকে মানুষ করে তুলতে হয়। তিনি সন্তানকে শেখান সত্য বলতে, অন্যকে সম্মান করতে, প্রতিকূলতার সামনে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে। তিনি শুধু মা নন—তিনি একজন শিক্ষক, পথপ্রদর্শক এবং জীবনগঠনকারী শিল্পী।
আমার মা ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছেন সঠিক আর ভুলের পার্থক্য। তিনি শিখিয়েছেন পরিশ্রম করতে, ধৈর্য ধরতে এবং কখনো হাল না ছাড়তে। তার ছোট ছোট উপদেশ, সাধারণ কিছু কথা, এমনকি তার নীরব আচরণও আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলেছে।
বর্তমান সমাজে আমরা দেখি, যেসব পরিবারে মায়েরা শিক্ষিত ও সচেতন, সেখানে শিশুরা বেশি আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবোধসম্পন্ন হয়ে বড় হয়। তারা ছোটবেলা থেকেই ভালো-মন্দ বুঝতে শেখে এবং ভবিষ্যতে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠে। তাই একজন মা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ভিত্তি।
আমার মা কখনো নিজের স্বপ্ন নিয়ে বেশি ভাবেননি। তিনি সবসময় আমার স্বপ্নগুলোকেই বড় করে দেখেছেন। নিজের বিশ্রাম, নিজের প্রয়োজন—সবকিছুই তিনি আমাদের জন্য ত্যাগ করেছেন। এমনকি অসুস্থ থাকলেও মুখে হাসি রেখে দায়িত্ব পালন করে গেছেন। এই নিঃস্বার্থ ভালোবাসার কোনো ভাষা নেই, কোনো তুলনাও নেই।
মা শুধু একজন মানুষ নন; তিনি একটি অনুভূতি, একটি সাহস, একটি প্রেরণা। জীবনের যত কঠিন সময়ই আসুক না কেন, মায়ের দোয়া আর ভালোবাসাই একজন সন্তানের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে। আমি যখনই ভেঙে পড়ি, মায়ের কথাগুলো আমাকে আবার দাঁড়াতে শেখায়।
আজ আমি বুঝি, পৃথিবীতে হয়তো অনেক কিছু পাওয়া সম্ভব; কিন্তু ‘আমার মা’-এর ভালোবাসার কোনো বিকল্প নেই। তিনি আমার জীবনের ভিত্তি, আমার সাহস, আমার পরিচয়। পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই মায়ের তুলনা চলে না। মাকে নিয়ে বলতে শুরু করলে কখনোই শেষ করা যাবে না। তবুও শব্দের সীমাবদ্ধতা আছে বলেই থামতে হয়।
তাই শেষমেশ শুধু এটুকুই বলতে চাই—‘আমার মা’ শুধু একটি সম্পর্ক নন; তিনি আমার পুরো পৃথিবী। সেই পৃথিবীতে আছে ভালোবাসা, ত্যাগ, শিক্ষা, আশীর্বাদ আর নির্ভরতার অনন্ত আলো। একজন মা শুধু একটি পরিবার নয়, একটি জাতির ভবিষ্যৎও গড়ে দিতে পারেন।
আমার মা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার নিজস্ব একখণ্ড চাঁদ, এই পৃথিবীতে টিকে থাকার সবচেয়ে গভীর অবলম্বন, আর আমার জীবনের সবচেয়ে অসীম প্রাপ্তি।
লেখক: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও সহকারী সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা।