বিনোদন

মা ছাড়া আমি অচল: তানহা তাসনিয়া

মায়ের প্রতি ভালোবাসা জানানোর জন্য দিনক্ষণের প্রয়োজন না থাকলেও বিশ্বব্যাপী ‘মা দিবস’ পালিত হয়ে থাকে। বিশেষ দিনে জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মাকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী তানহা তাসনিয়া। মাকে নিয়ে কথা বলতে গিয়ে এ অভিনেত্রী জানান, তার পুরো পৃথিবীটাই মাকে ঘিরে।  

তানহা তাসনিয়া বলেন, “রাত পার হয়ে যাবে, তবু মাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। সত্যি বলতে, তিনি ছাড়া আমি একদমই অচল। বাসায় আম্মু না থাকলে আমি পাগল হয়ে যাই। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার আম্মুকে লাগবেই।” 

অজান্তেই মাকে অনেক সময় বিরক্ত করেন তাসনিয়া। কিছুটা অনুশোচনার স্বরে এ অভিনেত্রী বলেন, “আম্মুকে অনেক জ্বালাই, তাই মনে মনে অনেক সরি বলি। তাকে ছাড়া থাকাটা আমার কাছে অসম্ভব মনে হয়।” 

কলেজে পড়ার সময় মায়ের শাসনকে ভুল বুঝতেন তানহা তাসনিয়া। তিনি বলেন, “ছোটবেলায় যখন কলেজে পড়তাম, তখন আম্মু আমার বড় শত্রু ছিল। প্রেম বা ঘোরাঘুরির কথা বললেই আম্মু বাধা দিতেন। সবসময় বলতেন—‘যা করার বিয়ের পর করবা।’ তখন খুব রাগ হতো, ভাবতাম আম্মু কেন এমন করে? আম্মু কত রাগী আর খারাপ!” 

সময়ের সঙ্গে তানহার উপলব্ধি বদলেছে। এখন বুঝতে পারেন, সেই শাসনগুলো তার মঙ্গলের জন্যই ছিল। পরিবার নিয়ে গর্বিত তানহা তাসনিয়া বলেন, “এখন বুঝতে পারি, মা কখনো খারাপ চাইতেন না। যা করতেন ভালোর জন্যই করতেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো একটা পরিবার পেয়েছি।” 

বাবা-মা দুজনের প্রতিই গভীর শ্রদ্ধা জানিয়ে তানহা তাসনিয়া দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করেন। একইসঙ্গে পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “মা দিবসে পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকেন।”