খেলাধুলা

এমবাপ্পেবিহীন মহারণে শিরোপার দুয়ারে বার্সা, চাপে টালমাটাল রিয়াল

লা লিগার ভাগ্য নির্ধারণী এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে হবে মাদ্রিদের ক্লাবটিকে। চোটের কারণে ফরাসি এই ফরোয়ার্ডকে ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি।

রোববার কাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি রিয়ালের জন্য বাঁচা-মরার লড়াই। কারণ এই ম্যাচে হার কিংবা ড্র করলেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। হাতে আছে আর মাত্র ৪ ম্যাচ। ফলে এল ক্লাসিকোতেই মৌসুমের হিসাব অনেকটা চূড়ান্ত হয়ে যেতে পারে।

গত ২৪ এপ্রিল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এমবাপ্পে। এরপর আর মাঠে নামা হয়নি তার। যদিও সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি, তবু গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ঝুঁকির মধ্যে ফেলতে চায়নি কোচিং স্টাফ।

তবে চোটের পুনর্বাসনের সময় ইতালিতে ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখেও পড়েছেন এমবাপ্পে। বান্ধবীকে নিয়ে বিলাসবহুল ইয়টে সময় কাটানোর ছবি প্রকাশ হওয়ার পর অনেক সমর্থক প্রশ্ন তুলেছিলেন তার পেশাদারিত্ব নিয়ে। যদিও এমবাপ্পের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের ভাষ্য, ক্লাবের তত্ত্বাবধানেই পুনর্বাসন প্রক্রিয়া চলছিল এবং দলের প্রতি এমবাপ্পের প্রতিশ্রুতিতে কোনো ঘাটতি ছিল না।

চলতি মৌসুমে ২৪ গোল করে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। কিন্তু তার অনুপস্থিতিতে রিয়ালের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা।

এরই মধ্যে ড্রেসিংরুমের অস্থিরতাও নতুন করে চাপ বাড়িয়েছে মাদ্রিদ শিবিরে। সম্প্রতি অনুশীলনে সংঘর্ষে জড়ান অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দে। ঘটনায় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল ভালভার্দেকে। পরে দুই ফুটবলারকেই বড় অঙ্কের জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

সব মিলিয়ে এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে অস্থিরতা স্পষ্ট। তবে কোচ আলভারো আরবেলোয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেক মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। আমার খেলোয়াড়রা অপেশাদার- এটা সম্পূর্ণ ভুল কথা। ড্রেসিংরুমের ভেতরের বিষয় বাইরে ফাঁস হওয়াটাই বরং রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

এখন দেখার বিষয়, এমবাপ্পেকে ছাড়াই রিয়াল শেষ লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি বার্সেলোনা নিজেদের ঘরেই উদযাপন করবে আরও একটি লা লিগা শিরোপা।