খেলাধুলা

মেসির নতুন ইতিহাস

অরল্যান্ডো সিটির বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর চাপ ছিল প্রবল। আর সেই কঠিন মুহূর্তেই আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। তার গোল আর জোড়া অ্যাসিস্টে রবিবার টরন্টোকে ৪-২ গোলে হারিয়ে দারুণভাবে জয়পথে ফিরেছে ইন্টার মায়ামি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লিগ ফুটবলে নতুন ইতিহাসও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এই ম্যাচে গোল অবদান সংখ্যাকে ১০০-তে নিয়ে যেতে মেসির লেগেছে মাত্র ৬৪ ম্যাচ। লিগ ইতিহাসে এত দ্রুত ১০০ গোল অবদান আর কেউ রাখতে পারেননি। এখন পর্যন্ত তার ঝুলিতে ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট। এর আগে দ্রুততম এই কীর্তির মালিক ছিলেন টরন্টোর সাবেক তারকা সেবাস্তিয়ান জোভিনকো, যিনি ৯৫ ম্যাচে সেই মাইলফলক স্পর্শ করেছিলেন।

ম্যাচ শেষে মেসি বলেন, “প্রথমার্ধটা কঠিন ছিল। খেলাটাও সহজ ছিল না। কিন্তু সাম্প্রতিক ফলাফল বিবেচনায় আমাদের জিততেই হতো। গুরুত্বপূর্ণ জয় পাওয়ায় আমি খুশি।”

গত সপ্তাহেই অরল্যান্ডোর বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়েও ৪-৩ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। তবে এবার কোনো ভুল করেনি তারা। বরং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে।

ম্যাচের ৪৪তম মিনিটে রদ্রিগো ডি পলের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় মায়ামি। সাধারণত সরাসরি ফ্রি-কিকগুলো নেন মেসি। কিন্তু এবার সতীর্থকে সুযোগ দেন তিনি, আর সেটিই কাজে লাগান ডি পল। প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে আসা বল আবার জোরালো শটে জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ইন্টার মায়ামি। ৫৬তম মিনিটে মেসি ও ডি পলের দারুণ সমন্বয়ে গোল করেন লুইস সুয়ারেজ। ক্লাবটির হয়ে এটি ছিল উরুগুইয়ান ফরোয়ার্ডের ৬৩ ম্যাচে ৩২তম গোল।

এরপর ৭৩তম মিনিটে নিজের প্রথম গোল করেন সের্হিও রেগুইলন। এই গোলেও অ্যাসিস্ট করেন মেসি। মাত্র ২ মিনিট পর ডি পলের বাড়ানো বল থেকে নিজেও গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে এটি তার ৯ম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান থেকে এখন তিনি মাত্র ১ গোল দূরে।

৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষদিকে লড়াইয়ের চেষ্টা করে টরন্টো। তরুণ এমিলিও অ্যারিস্টিজাবাল ৮২ ও ৯০ মিনিটে দুটি গোল করে ব্যবধান কিছুটা কমান। ২০ বছর বয়সী এই ফুটবলারের চলতি মৌসুমে এটি ১১ ম্যাচে ৩য় গোল।

এই জয়ে ১২ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ২২। পাশাপাশি ঘরের মাঠে হারের হতাশা কাটিয়ে টানা ৬ষ্ঠ অ্যাওয়ে জয়ের স্বাদ পেল মেসিদের দল।