সারা বাংলা

কর্ণফুলী নদীতে সাম্পান বাইচে উৎসবের আমেজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হয়েছে সাম্পান বাইচ প্রতিযোগিতা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা। গত শনিবার আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকার ১১টি দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজারো দর্শক কর্ণফুলীর তীরে ভিড় জমিয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই আয়োজন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতির মোজাম্মল মাঝি। দ্বিতীয় হন শিকলবাহা ওহিদিয়া কাশেম মাঝি এবং তৃতীয় স্থান লাভ করেন চরপাথরঘাটার রনি মাঝি।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া। 

অনুষ্ঠানে বক্তব্য দেন- চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের উপদেষ্টা চৌধুরী ফরিদ, কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান, কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া, কর্ণফুলী থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ওসমান ও কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও মাঝি নেতারা।

বক্তারা বলেন, কর্ণফুলী নদী শুধু চট্টগ্রামের নয়, দেশের অর্থনীতির প্রাণ। এই নদীকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে মাঝিরা যে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। নদী দখল ও দূষণ বন্ধে এখনই কার্যকর উদ্যোগ না নিলে কর্ণফুলীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। নদী রক্ষায় সাধারণ মানুষ, পেশাজীবী এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, “মাঝিরা আছেন বলেই কর্ণফুলীর বৈচিত্র্য এখনো টিকে আছে। এই নদী আমাদের ঐতিহ্য, গৌরব ও সম্পদ। মাঝিদের অধিকার রক্ষায় আমি সবসময় পাশে থাকব।”

সভাপতির বক্তব্যে আলী আব্বাস বলেন, “কর্ণফুলী নদীকে অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষা করা এখন আমাদের নৈতিক দায়িত্ব। নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, দেশের অর্থনীতিও সচল থাকবে।”

অনুষ্ঠানে চাটগাঁইয়া আঞ্চলিক গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। নদীর বুকে সারিবদ্ধ সাম্পান আর উৎসবের আমেজে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।