রাসায়নিকমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নাটোর জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় সময়সূচি নির্ধারণ করা হয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী- আগামী ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণীপছন্দ ও ক্ষীরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলী, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি জাতের আম সংগ্রহ করা যাবে।
আগামী ১৭ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ শুরু হবে।
সভায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের ক্ষেত্রে স্ ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতাদের কাছে নিরাপদ ফল পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন আম ও লিচু চাষি, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি নিশ্চিত করে মেধাবী জাতি গঠনে ক্ষতিকর রাসায়নিক পরিহার করতে হবে। এ ক্ষেত্রে জনস্বার্থ ও ধর্মীয় অনুশাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, রাসায়নিকের অপব্যবহার রোধ, পরিপক্ব ফল সংগ্রহ, দীর্ঘ সময় সংরক্ষণ এবং ফল পচন রোধে কৃষি বিভাগ বোটাসহ আম পাড়ার পরামর্শ দিচ্ছে। ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের আহ্বান জানানো হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোর জেলায় ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে প্রায় ৭ হাজার ৫৪০ টন লিচু এবং ৫ হাজার ৬৯৩ হেক্টর বাগান থেকে প্রায় ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।