বিনোদন

বাবা-মায়ের বিরুদ্ধে কেন মামলা করেছিলেন বিজয়

অভিনেতা থেকে জনগণের নেতা হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা থালাপাতি বিজয়। গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। শপথ অনুষ্ঠানে তার বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর উপস্থিত ছিলেন। পুত্রের সাফল্যময় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থেকে আবেগপ্রবণ হয়ে পড়েন তার বাবা-মা। 

বিস্ময়কর তথ্য হলো—বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখরের নামে মামলা করেছিলেন থালাপাতি বিজয়। ২০২১ সালে মামলাটি করেছিলেন তিনি। বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুরোনো ঘটনাটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।  

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। এতে তার বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখরের নামও রয়েছে।  

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেতা বিজয় একটি মামলা দায়ের করেন। যাতে উল্লেখ করা হয়, বাবা-মাসহ তার প্রাক্তন কর্মকর্তা যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন। 

বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাক্কাল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, দলটির কোষাধ্যক্ষ বিজয়ের মা শোভা চন্দ্রশেখর, সাধারণ সম্পাদক তার বাবা এসএ চন্দ্রশেখর। এরপর সকলের ধারণা ছিল, খুব শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এই অভিনেতা। 

২০২০ সালের নভেম্বরে এ বিষয়ে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছিলেন। যাতে এ অভিনেতা বলেছিলেন—“আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। যদি কেউ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” 

বলে রাখা ভালো, দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করেন থালাপাতি বিজয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কোঝাগম (টিভিকে) ১০৮টি আসন পেয়েছে।