আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বেকারত্ব নিরসনে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘‘বর্তমানে বেকারত্ব দেশের জন্য বড় অভিশাপ এবং এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সুদূরপ্রসারী নানা পরিকল্পনা নিয়েছেন। আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এ সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’’
তিনি আরো উল্লেখ করেন, হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে, যার মাধ্যমে প্রান্তিক মানুষ সরাসরি কাজের সুযোগ পাচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে এই মেগা প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে আশা করা যাচ্ছে।’’
লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই মেলায় জেলার কয়েক হাজার তরুণ-তরুণী অংশ নেন। আয়োজকরা জানান, মেলায় সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এক হাজার যোগ্য প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে।