ক্যাম্পাস

শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় নতুন সরঞ্জাম পেল গোবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ মে) বেলা ১১টায় উপাচার্যের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিভাগীয় প্রধানদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।

প্রথম ধাপে ১১টি বিভাগের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এছাড়া, কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার ও সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিভাগের জন্য বিভিন্ন ল্যাব উপকরণ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সব বিভাগে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় গবেষণা ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করা হবে।

উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এছাড়া, অফিস কার্যক্রমে গতি আনতে রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারও হস্তান্তর করেন উপাচার্য।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।