মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যদি তাদের ওপর পুনরায় কোনো হামলা চালানো হয়, তাহলে তারা পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটবে। খবর আল-জাজিরার।
আজ মঙ্গলবার ইরানের ইরানের পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই সতর্কবার্তা দেন। তিনি জানান, ইরানের ওপর নতুন করে কোনো আক্রমণ করা হলে তেহরান তাদের বর্তমান পারমাণবিক নীতি পরিবর্তন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
রেজায়ি বলেন, “যদি পুনরায় হামলা হয়, তাহলে আমরা ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করব এবং এটি পর্যালোচনা করা হবে।”
আল-জাজিরার তথ্যমতে, বর্তমানে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জানা যায়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।
এতদিন ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও, অস্তিত্ব সংকটে পড়লে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিল।